বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কমাতে এবং বিলাসদ্রব্যের আমদানি সীমিত করতে বড় পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। বুধবার এক সরকারি আদেশের মাধ্যমে স্বর্ণ ও রূপার আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ১৫ শতাংশ করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন এই নীতিমালের আওতায় স্বর্ণ ও রূপা আমদানিতে ১০ শতাংশ মৌলিক শুল্কের পাশাপাশি ৫ শতাংশ কৃষি অবকাঠামো ও উন্নয়ন কর যুক্ত করা হয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবহারকারী দেশটিতে এই শুল্ক বৃদ্ধির ফলে চাহিদাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে এই পদক্ষেপ ভারতের ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমাতে এবং স্থানীয় মুদ্রা রুপির মান স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, স্বর্ণের উচ্চমূল্যের কারণে বাজারে এমনিতেই অস্থিরতা ছিল, এখন শুল্ক বৃদ্ধির ফলে সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হবে। উল্লেখ্য, ভারত তার প্রয়োজনীয় স্বর্ণের প্রায় পুরোটাই বিদেশ থেকে আমদানি করে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে জনগণকে স্বর্ণ কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন। তবে এই উচ্চ শুল্কের কারণে চোরাচালান বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
রিপোর্টারের নাম 























