বিএনপি নেতা তারেক রহমানের কুমিল্লা আগমনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশ, কুমিল্লা-নোয়াখালী এবং কুমিল্লা-চাঁদপুর সড়ক বর্ণিল সাজে সজ্জিত করা হচ্ছে। আগামী ১৬ মে চাঁদপুর সফরের সময় কুমিল্লার বরুড়ায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। এই আগমন উপলক্ষ্যে প্রশাসন এবং কুমিল্লা জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
জানা গেছে, ঐদিন বেলা ১১টায় লক্ষ্মীপুর বাজার মাঠে তারেক রহমান যাত্রা বিরতি দেবেন। তার আগমনকে ঘিরে ইতোমধ্যে পথসভার স্থান পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।
মহাসড়কের বিভাজক ও সড়কদ্বীপে নতুন রঙ এবং সাজানোর কাজ শুরু হয়েছে। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি সরেজমিনে একাধিকবার সফরস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, তারেক রহমানের নিরাপত্তা সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা বরুড়ায় অবস্থান করছেন এবং রাস্তাঘাট ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে।
এ আয়োজন নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, দেশনায়ক তারেক রহমান প্রথম কুমিল্লায় আসছেন। এ নিয়ে জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা কাজ করছে। যদিও এটি পথসভা, তবে আমরা ধারণা করছি লোকসমাগমে এটি জনসমুদ্রের রূপ নেবে। প্রায় অর্ধলক্ষাধিক লোকের সমাগম হবে এই মাঠে, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সঠিক সময়ে প্রস্তুতি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই পথসভায় কুমিল্লা দক্ষিণ, উত্তর ও কুমিল্লা মহানগর বিএনপির এবং এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষ্যে নিরাপত্তা সহ সকল ব্যবস্থাপনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা পথসভা আয়োজনের মাঠ ইতিমধ্যে পরিদর্শন করেছি। তারেক রহমানের নিরাপত্তা সংশ্লিষ্টরা ইতিমধ্যে কুমিল্লা এসেছেন এবং একটি বিশেষ সভাও অনুষ্ঠিত হবে।
রিপোর্টারের নাম 
























