পিরোজপুরের নাজিরপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই আপন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ছোট আমতলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলো ছয় বছর বয়সী আব্দুর রহমান ও চার বছর বয়সী আবু বক্কর। তারা নেছারাবাদ উপজেলার ভরতকাঠী গ্রামের মিরাজ শেখের সন্তান।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুই দিন আগে মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল দুই শিশু। ঘটনার দিন দুপুরে বাড়ির সামনে খেলা করার সময় তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনের খালে তাদের দেহ ভাসতে দেখেন স্বজনরা। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 
























