রাজধানীর লালবাগ এলাকায় সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা হাজী সেলিমের মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। টানা দুই দশকের বেশি সময় ধরে অবৈধভাবে দখল করে রাখা এই সরকারি জমি বুধবার (১৩ মে) জেলা প্রশাসনের একটি টিমের উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়।
ঢাকা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লালবাগ মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও ব্যবহার করে আসছিল হাজী সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপ। এই অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ মোকদ্দমার আলোকে গত ১৩ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) দখল পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় চিঠি ইস্যু করেন।
পরে দখলদার পক্ষ উচ্চ আদালতে রিট মামলা দায়ের করে স্থগিতাদেশ নিলেও, সরকার পক্ষ সিভিল বিবিধ মামলা দায়ের করে। ফলশ্রুতিতে গত ১২ মে চেম্বার জজ আদালত পূর্বের স্থগিতাদেশ স্থগিত করেন। আদালতের এই আদেশের পরই জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের নেতৃত্বে জেলা প্রশাসনের টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা ভেঙে সরকারি জমির দখল পুনরুদ্ধার করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারি জমি দখল করে কেউ অবৈধ স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা সরকারি জমি উদ্ধার করেছি এবং এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে এসব জমি দখল করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, জেলা প্রশাসকের এই পদক্ষেপ সাহসী ও সময়োপযোগী। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হলেও প্রভাবশালী হওয়ায় কেউ এটার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। অবশেষে জেলা প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সরকারি জমি উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
রিপোর্টারের নাম 
























