ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসী কার্যক্রম আইনে ২৫ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর রিফাত (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার বিকেলে শহরের মেড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিফাত নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং বর্তমানে শহরের পাইকপাড়া এলাকায় বসবাস করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলের পরপরই সদর মডেল থানা পুলিশ অভিযান শুরু করে এবং এসআই জাহিদ বাদী হয়ে রাতেই মামলাটি দায়ের করেন।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার কোকিল টেক্সটাইল থেকে সমাজসেবা অফিস পর্যন্ত এই আকস্মিক ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটির নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য লিমন আল স্বাধীন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম আইনে এই মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টারের নাম 























