পশ্চিমবঙ্গে নবগঠিত শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার সড়কে যেকোনো ধরনের ধর্মীয় জমায়েত ও প্রার্থনায় নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ নিয়েছে। বিজেপি বিধায়ক অর্জুন সিং বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বিষয়ে ইতোমধ্যে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এখন থেকে রাস্তায় কোনো ধর্মীয় সমাবেশ বা প্রার্থনা মেনে নেওয়া হবে না।
কলকাতার ঐতিহাসিক রেড রোডে আয়োজিত বড় জমায়েত প্রসঙ্গে অর্জুন সিং উল্লেখ করেন, রেড রোডের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের জমায়েত আর দেখা যাবে না। তিনি এটিকে ‘আদালতের নির্দেশ’ হিসেবে উল্লেখ করে জানান, বিচারবিভাগীয় নির্দেশ মেনেই সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর করবে।
এছাড়াও, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নতুন সরকার গরু পাচারের মতো ঘটনার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে। অর্জুন সিং বলেন, যারা গরু পাচারের সঙ্গে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রেড রোডে ঈদের জামাত নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ওই এলাকায় প্রথমে ভারতীয় সেনাবাহিনী নামাজের অনুমতি দিতে অস্বীকার করলেও, পরে প্রশিক্ষণ সূচিতে পরিবর্তন এনে ঈদুল আজহার নামাজের অনুমতি দেওয়া হয়। নেতাজি মূর্তি থেকে ফোর্ট উইলিয়ামের প্রবেশপথ পর্যন্ত ওই এলাকায় তখন জামাত অনুষ্ঠিত হয়েছিল।
রিপোর্টারের নাম 























