হামে শিশুমৃত্যু এবং আক্রান্তদের দ্রুত টিকাদান ও চিকিৎসায় অব্যবস্থাপনায় জড়িতদের শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)। দলটির নেতারা প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি জানিয়েছেন।
সোমবার (১১ মে) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাহী ফোরামের সদস্য জয়দীপ ভট্টাচার্য ও সীমা দত্তসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হামে এ পর্যন্ত ৪০৯ জন শিশু মারা গেছে এবং প্রায় অর্ধ লক্ষাধিক শিশু আক্রান্ত। অন্তর্বর্তীকালীন সরকারের সময় টিকাদানে ঘাটতি, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন যথাযথভাবে না হওয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আগাম সতর্কতা সত্ত্বেও পর্যাপ্ত প্রস্তুতি না নেওয়ার মতো ভুল সিদ্ধান্তের কারণে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তোলেন, এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও সরকার কেন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেনি এবং কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না। এতে প্রতিদিনই বাবা-মায়ের কোল খালি হচ্ছে। নিম্নবিত্ত ও দরিদ্র পরিবারের শিশুরা পুষ্টিহীনতা এবং ভিটামিন এ ক্যাম্পেইন না হওয়ার কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে।
বক্তারা যথাযথভাবে টিকা প্রদান না হওয়া এবং হামের প্রাদুর্ভাব বৃদ্ধির পর উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার জন্য দায়ীদের শাস্তির দাবি করেন। এছাড়া, আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, চিকিৎসার জন্য উপজেলা থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো এবং প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের জোর দাবি জানানো হয়।
রিপোর্টারের নাম 

























