বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি, রফতানি প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং বিদ্যমান সংকটগুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বিকেএমইএ’র পক্ষ থেকে এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়া, বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং শ্রম আইন সংসদে পাসের আগে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের উদ্যোগের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। সংগঠনটির নেতারা বর্তমানে বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু এবং সচল শিল্পপ্রতিষ্ঠানগুলো যাতে নতুন করে সংকটে না পড়ে, সে বিষয়ে সরকারের নীতিগত ও আর্থিক সহযোগিতা কামনা করেন। উত্তরে প্রধানমন্ত্রী জানান, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ব্যাংকিং ও রাজস্বসংক্রান্ত জটিলতাগুলো লিখিত আকারে জমা দেওয়ার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী শিল্পের বহুমুখীকরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং সিল্ক খাত ও ম্যান-মেইড ফাইবারভিত্তিক পণ্যের সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান। এছাড়া জ্বালানি সংকট সমাধান এবং নতুন পণ্যে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও তিনি গুরুত্ব দেন। বৈঠকে শিক্ষামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিকেএমইএ’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেএমইএ মনে করে, সরকারের এই ইতিবাচক উদ্যোগ শিল্প উদ্যোক্তাদের মাঝে নতুন আশার সঞ্চার করবে।
রিপোর্টারের নাম 






















