বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় চিত্রশালায় শুরু হয়েছে বিশেষ এক চিত্রপ্রদর্শনী। ‘রবির চিত্র, চিত্রের রবী’ শীর্ষক এই আয়োজনে কবির নিজস্ব সৃষ্টি এবং তাঁকে নিয়ে সমকালীন শিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। গ্যালারি-২ এ আয়োজিত এই প্রদর্শনীটি শিল্পানুরাগীদের জন্য এক অনন্য সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
১৪ দিনব্যাপী এই প্রদর্শনীতে মোট ৯৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে ৪৫টি চিত্রকর্ম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিভিন্ন কাজের অনুলিপি। বাকি ৫০টি চিত্রকর্ম দেশের খ্যাতিমান ও তরুণ শিল্পীদের কাজ, যেখানে কবির জীবন দর্শন, কবিতা এবং ভাবনাকে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীর কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আব্দুল হালিম চঞ্চল।
আয়োজকরা জানিয়েছেন, রবীন্দ্রনাথের বহুমুখী শিল্পপ্রতিভাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই প্রদর্শনীর প্রধান লক্ষ্য। ২৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, রবীন্দ্র জন্মজয়ন্তীর এই উৎসবে চিত্রপ্রদর্শনীর পাশাপাশি সংগীত, নৃত্য ও নাট্য পরিবেশনারও আয়োজন করা হয়েছে।
রিপোর্টারের নাম 

























