নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষক ও খুচরা বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগসূত্র স্থাপনের লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিতে মীনা বাজারের আউটলেট পরিদর্শন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের ৫০ জন কৃষি উদ্যোক্তা। হর্টেক্স ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণকারী একদল সফল কৃষি উদ্যোক্তা অংশ নেন।
পরিদর্শনকালে কৃষকরা সুপারশপ পর্যায়ে পণ্য সংগ্রহ, সংরক্ষণ পদ্ধতি এবং বিক্রয় প্রক্রিয়া সরাসরি প্রত্যক্ষ করেন। আয়োজকদের মতে, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি এবং কৃষকদের এই সরাসরি অংশগ্রহণ কৃষি সরবরাহ চেইনকে আরও শক্তিশালী করতে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে মীনা বাজারের হেড অব অ্যাগ্রো প্রজেক্ট মো. রফিকুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে কৃষকের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি মাঠ থেকে আসা উত্তম ও নিরাপদ পণ্যের নিশ্চয়তা পাবেন।
মীনা বাজার দীর্ঘদিন ধরে ‘ব্যাক টু রুট’ প্রকল্পের আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করছে। এর ফলে পণ্যের গুণগত মান অটুট থাকে, কৃষকরা তাদের কঠোর পরিশ্রমের সঠিক ও ন্যায্য দাম পান, গ্রাহকরা দীর্ঘ পরিবহন ও সংরক্ষণের ঝামেলা ছাড়াই প্রতিদিন টাটকা পণ্য পান এবং সরাসরি বিপণন ব্যবস্থার ফলে পণ্যের উল্লেখযোগ্য অপচয় রোধ করা সম্ভব হচ্ছে।
ভবিষ্যতেও নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ অব্যাহত রাখতে এবং কৃষকদের আধুনিক কৃষি অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে মীনা বাজার এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে। মীনা বাজারের প্রধান পরিচালন কর্মকর্তা শামীম আহমেদ জায়গীরদার তার বক্তব্যে ‘ব্যাক টু রুট’ প্রকল্পের ভবিষ্যৎ তুলে ধরে বলেন, তাদের লক্ষ্য হলো যারা প্রান্তিক পর্যায়ে ছোট বাগান বা খামার করেন, তাদের সরাসরি মীনা বাজারের সঙ্গে যুক্ত করা। তিনি আরও বলেন, মীনা বাজার কৃষক ও গ্রাহকের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন হিসেবে কাজ করবে, যাতে কৃষক তার পণ্যের সঠিক মূল্যায়ন পান এবং গ্রাহক কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি মাঠের সতেজ পণ্যটি হাতে পান।
রিপোর্টারের নাম 

























