বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সরকারের কিছু কৃষকবান্ধব সাহসী সিদ্ধান্তের কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শুক্রবার (৮ মে) দুপুর ১২টার দিকে যশোর খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্বে জ্বালানি সরবরাহ চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং বাংলাদেশও ঝুঁকির মধ্যে ছিল। কিন্তু সরকারের তাৎক্ষণিক সাহসী সিদ্ধান্তে জনগণের সহযোগিতায় সেই পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। সরকারের সিদ্ধান্ত ছিল, প্রয়োজনে গাড়ির জ্বালানি সরবরাহ বন্ধ রেখে কৃষকের সেচের জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। একইভাবে, প্রয়োজনে শহরের মানুষের বাসাবাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও কৃষকের সেচ পাম্পে বিদ্যুৎ বন্ধ থাকবে না। নানা সংকট সত্ত্বেও কৃষকের বিদ্যুৎ জ্বালানি কৃষকের ধান ক্ষেতে পৌঁছে দিতে সরকার সমর্থ হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের এই কৃষকবান্ধব সিদ্ধান্তের ফলশ্রুতিতে সারা দেশে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এটি দেশের মূল ফসল এবং এর ভালো ফলন দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। প্রতিমন্ত্রী কৃষি ক্ষেত্রে অগ্রযাত্রার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী তার পিতার সকল কর্মসূচি নতুনভাবে শুরু করে এই অগ্রযাত্রা ধরে রেখেছেন। তিনি বলেন, সরকারের বেঁধে দেওয়া ধানের দাম প্রতি কেজি ৩৬ টাকা, যা ভালো দাম এবং এই দামের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবে।
রিপোর্টারের নাম 



















