বলিউডে নিজের জায়গা তৈরি করতে গিয়ে কঠিন সংগ্রামের মুখোমুখি হয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত সেগুলো হাতছাড়া হয়েছে তার। আর সেই সুযোগগুলো চলে গেছে চলচ্চিত্র পরিবারের তারকা সন্তানদের কাছে।
কৃতি শ্যানন বলেন, “এমন অনেক চরিত্র ছিল, যেগুলোর খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত আমি পাইনি। সেগুলো স্টার কিডদের কাছে চলে গেছে, যা আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল।”
চলচ্চিত্র পরিবারের কেউ না হওয়ায় বলিউডে টিকে থাকার লড়াইটা তার জন্য আরও কঠিন ছিল বলেও জানান এই অভিনেত্রী। তার মতে, যখন আপনি চলচ্চিত্র পরিবারের অংশ নন, তখন আপনাকে অনেক অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। তিনি ধীরে ধীরে বড় হয়েছেন, ঝুঁকি নিয়েছেন এবং সচেতনভাবে সিদ্ধান্ত নিতে শিখেছেন। কোনো সুযোগই তাকে হাতে তুলে দেওয়া হয়নি, প্রতিটি অর্জনই তার নিজের পরিশ্রমে অর্জিত।
কৃতি আরও জানান, ‘মিমি’ সিনেমার আগে দীর্ঘ সময় তিনি হতাশায় ভুগেছেন। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন কিছুই ঠিকমতো হচ্ছিল না। সবকিছু খুব বিভ্রান্তিকর লাগত। তবে এখন সেই সময়টার জন্য আমি কৃতজ্ঞ। কারণ, ব্যর্থতাই আমাকে বুঝতে সাহায্য করেছে আমি কী করতে চাই না। সত্যি বলতে, সাফল্যের চেয়ে ব্যর্থতাই মানুষকে বেশি শেখায়।”
একই সাক্ষাৎকারে নিজের ‘ড্রিম বায়োপিক’ নিয়েও কথা বলেছেন কৃতি শ্যানন। সুযোগ পেলে কিংবদন্তি অভিনেত্রী রেখার বায়োপিকে অভিনয় করতে চান বলে জানান তিনি। কৃতি বলেন, “রেখা একজন দুর্দান্ত ব্যক্তিত্বের নারী। আমি জানি, দেখতে আমি তার মতো নই। কিন্তু আমি তাকে ভীষণ ভালোবাসি। তার হৃদয়, সাহস আর ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করে। তিনি উষ্ণ, বুদ্ধিমতী এবং নিজের শর্তে জীবন কাটিয়েছেন।”
বর্তমানে কৃতি শ্যানন ব্যস্ত রয়েছেন ‘ককটেল ২’ সিনেমার কাজ নিয়ে। পাশাপাশি দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডার বিপরীতে নতুন একটি প্যান-ইন্ডিয়া সিনেমাতেও তাকে দেখা যেতে পারে।
রিপোর্টারের নাম 

























