বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের হাতে তৈরি ‘স্মার্ট কারে’ চড়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয়ে ওয়াকিমুল তার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রী ওয়াকিমুলের বানানো ছোট এই বাহনটি দেখেন এবং তাকে নিয়ে স্মার্ট কারটি চালিয়ে দেখান ওয়াকিমুল। ব্যাটারিচালিত এই বিশেষ যানের নাম ‘এ টু আই স্মার্ট কার’ দেওয়া হয়েছে।
১৭ বছর বয়সী এই তরুণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় প্রধানমন্ত্রী তার ভূয়সী প্রশংসা করেন। তিনি ওয়াকিমুলকে কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শ দেন। এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
সাক্ষাৎকালে ওয়াকিমুল ইসলাম প্রধানমন্ত্রীকে তার স্মার্ট কার তৈরির পেছনের গল্প শোনান। বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ জানান, একসময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন এবং বাইরে বের হতে পারতেন না। কীভাবে একা বাইরে চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকেই তিনি এই কারটি বানানো শুরু করেন। ওয়াকিমুল ইসলাম যশোরের চৌগাছা সরকারি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেন যে, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। তিনি জানান, এটি শুধু বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাই নন, বয়স্ক ব্যক্তিরাও সহজে ব্যবহার করতে পারবেন। এই গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার।
রিপোর্টারের নাম 





















