পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত নতুন চলচ্চিত্র ‘রইদ’-এর দ্বিতীয় গান ‘মন ছাড়া কী মনের মানুষ রয়’ সম্প্রতি প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের সঙ্গে সঙ্গে এক বিশেষ আবেগ তৈরি হয়েছে, কারণ এর কণ্ঠশিল্পী কিংবদন্তি বাউল সাধক কানাই দাস বাউল সম্প্রতি পরলোকগমন করেছেন।
বাংলার আধ্যাত্মিক লোকসংগীত ও বাউল দর্শনের আবহে নির্মিত এই গানটির রচয়িতা শ্রীমৎ মাতান চাঁদ গোস্বামী। কানাই দাস বাউলের মায়ামাখা কণ্ঠ, গভীর হাহাকার এবং তাঁর অন্তরের আবেগ গানটিকে এক অনন্য মাত্রা দিয়েছে। মনে হচ্ছে, গানটির প্রতিটি পঙ্ক্তিতে তাঁর জীবনের শেষ সময়ের এক নীরব বিদায়বার্তা ধ্বনিত হচ্ছে।
গানটির নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। দেশীয় লোকবাদ্যের সাথে আধুনিক পাশ্চাত্য সংগীতের মিশ্রণে গানটিকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে।
গানটি প্রসঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক যে কানাই দাস বাউলের মৃত্যুর পর গানটি প্রকাশিত হলো। যদি তাকে এই কাজটি শোনানোর সুযোগ পেতাম, তবে খুব ভালো লাগত। তবে, তার সেই মায়ামাখা কণ্ঠ আমাদের সিনেমার মাধ্যমে চিরকাল বেঁচে থাকবে।”
উল্লেখ্য, ‘রইদ’ চলচ্চিত্রটি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডাম-এর টাইগার প্রতিযোগিতা বিভাগ এবং সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
রিপোর্টারের নাম 
























