সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে ‘অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী রেজিস্ট্রার ইব্রাহীম আলম ভূঁইয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এছাড়াও তিনি ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচার করেছেন, যা প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্যান্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী। তার এই অপরাধ দণ্ডবিধি আইনের ৪(১) বিধি মোতাবেক দণ্ডনীয়, যার সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্তকরণ। এই বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রিপোর্টারের নাম 




















