বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার রিলস বা শর্ট ভিডিওর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বিশেষ করে খাবার, ঘরোয়া টোটকা এবং ভেষজ চিকিৎসা বিষয়ক ভিডিওগুলো দ্রুত মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। তবে এই আকর্ষণের আড়ালে লুকিয়ে থাকতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, যা অনেকেই উপলব্ধি করতে পারছেন না।
ফেসবুক বা ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে প্রায়ই দাবি করা হয়—‘মাত্র কয়েকদিনেই রোগমুক্তি’ বা ‘প্রাকৃতিক উপায়ে স্থায়ী সমাধান’। দ্রুত ফল লাভের আশায় অনেকেই যাচাই-বাছাই ছাড়াই এসব ভেষজ উপাদান সেবন শুরু করেন। অথচ অধিকাংশ ক্ষেত্রেই এসব তথ্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি বা চিকিৎসা-সমর্থন থাকে না। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ন্ত্রিতভাবে ভেষজ ওষুধ গ্রহণ শরীরে নানামুখী জটিলতা তৈরি করতে পারে, যা কখনও কখনও মারাত্মক আকার ধারণ করে।
রিলসে দেখানো উপসর্গ দেখে অনেকেই নিজে রোগ নির্ণয় করে ভেষজ খেতে শুরু করেন। এতে প্রকৃত রোগ আড়ালে থেকে যায় এবং সময়মতো সঠিক চিকিৎসা না পাওয়ায় সমস্যা আরও জটিল হয়ে ওঠে। অনেক ভেষজ উপাদানে প্রাকৃতিক টক্সিন থাকে, যা অতিরিক্ত বা ভুলভাবে গ্রহণ করলে লিভার ও কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। সঠিক মাত্রা সম্পর্কে অজ্ঞাত থাকলে ঝুঁকি আরও বেড়ে যায়। জনপ্রিয় কিছু ভেষজ যেমন করলার রস, চিরতা বা মেথি অতিরিক্ত গ্রহণে রক্তে শর্করা অস্বাভাবিকভাবে কমে যাওয়া (হাইপোগ্লাইসেমিয়া), মাথা ঘোরা বা দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও, প্রত্যেকের শারীরিক গঠন আলাদা হওয়ায় একজনের জন্য উপকারী ভেষজ অন্যজনের শরীরে তীব্র অ্যালার্জির সৃষ্টি করতে পারে, যার ফলে শ্বাসকষ্ট, ত্বকে র্যাশ বা ফোলাভাবের মতো লক্ষণ দেখা দিতে পারে। যারা নিয়মিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা অন্য রোগের ওষুধ খান, তাদের ক্ষেত্রে ভেষজ উপাদানের সঙ্গে ওষুধের প্রতিক্রিয়া হয়ে শরীরের ভেতরে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শুধু রিলস বা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে কোনো ওষুধ বা ভেষজ গ্রহণ করা উচিত নয়। যেকোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। ভেষজ চিকিৎসা নিতে চাইলে অভিজ্ঞ আয়ুর্বেদিক বা ইউনানি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে। তাই চটকদার ভিডিওর প্রলোভনে না পড়ে বিজ্ঞানসম্মত উপায়ে চিকিৎসা গ্রহণ করাই শ্রেয়।
রিপোর্টারের নাম 

























