যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। নিহত জামিল লিমন ও নাহিদা বৃষ্টি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ছিলেন। বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তন অনুষ্ঠানে প্রায় আট হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এই দুই শিক্ষার্থীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। ডক্টরেট ডিগ্রি প্রদানের মূল পর্বে তাদের সম্মানে একাডেমিক পোশাক বা রেগালিয়া পরিহিত দুটি খালি চেয়ার রাখা হবে। এ বছর বিশ্ববিদ্যালয়টি মোট ৩৫৩ জনকে ডক্টরেট ডিগ্রি দিচ্ছে, যেখানে জামিল ও নাহিদার নামও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিলের পর থেকে নিখোঁজ ছিলেন জামিল ও নাহিদা। নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পার একটি ব্রিজের ওপর থেকে জামিলের মরদেহ এবং তার দুই দিন পর নিকটস্থ ম্যানগ্রোভ বন থেকে নাহিদার মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস জোড়া খুনের ঘটনায় হিশাম আবুঘরবেহ নামে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে।
রিপোর্টারের নাম 

























