নোয়াখালীতে জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে চরম অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কমিটি বাতিলের দাবিতে সোমবার দুপুরে ঢাকা-সোনাপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পদবঞ্চিত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা। জেলা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের নিয়ে এই ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে কখনো দেখা যায়নি। যোগ্যদের মূল্যায়ন না করায় সংগঠনের তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, সবার যোগ্যতা বিবেচনা করেই কমিটি দেওয়া হয়েছে। তবে এই বিক্ষোভের পর জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, মোহাম্মদ ওয়াসিম, তারেক নূর, ইয়াসিন আরাফাত ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন নেতা নতুন কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 























