সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডের সূচনা হবে গ্রাম থেকে। তিনি জোর দিয়ে বলেন, ‘গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে’। প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা শোনা গেলেও তা বাস্তবে তৃণমূল পর্যায়ে পৌঁছায়নি। তবে এখন থেকে তৃণমূল পর্যায় থেকেই টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, নারীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি ঋণের সুদ মওকুফ এবং ‘কৃষি কার্ড’ চালুর মতো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এছাড়াও, খাল পুনঃখননের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আশ্বাস দেন যে, পর্যায়ক্রমে দলমত নির্বিশেষে সকলেই এই সকল সুবিধা ভোগ করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী ও তোফাজ্জল হোসেন মিঠুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























