রাঙামাটিতে ছাত্রদলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার দুপুরে নতুন জেলা কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তারা কার্যালয়ের সামনের প্রধান সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান।
একই সময়ে, নতুন কমিটির সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক রনির নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পদবঞ্চিতরা দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা কার্যালয়টি দখলে রাখেন।
অন্যদিকে, পৌরসভা চত্বরসহ শহরের বিভিন্ন এলাকায় নতুন কমিটিকে স্বাগত জানাতে একাংশের নেতাকর্মীরা জড়ো হন। বিকেল তিনটার দিকে নতুন কমিটির সমর্থকরা সংঘবদ্ধভাবে এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে এবং বিএনপি কার্যালয়টি দখল করে নেয়। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। জেলা বিএনপির কার্যালয়সহ ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বনরূপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানিয়েছেন, ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে এবং বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি কলি আহাদ বলেন, নতুন কমিটিতে কিছু পদবঞ্চিত নেতা বিক্ষোভ করছেন, যা স্বাভাবিক। তিনি আশা প্রকাশ করেন যে নতুন কমিটি সকলের সাথে আলোচনা করে ছাত্রদলের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।
রিপোর্টারের নাম 





















