নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত ৩৭ সদস্যের কমিটিকে ‘অছাত্র ও পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর মাইজদী। সোমবার (৪ মে) পদবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। এর ফলে নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদ মার্কেটের সামনে পৌঁছালে হঠাৎ ৮-১০টি ককটেল বিস্ফোরণের শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এসময় ইটের আঘাতে এক পথচারী আহত হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের মূল্যায়ন না করে অছাত্রদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তারা এই কমিটির জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে দায়ী করে অবিলম্বে ঘোষিত কমিটি বাতিলের দাবি জানান। সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম ও জিহাদুল ইসলাম সজিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই ‘অবৈধ’ কমিটি বাতিল করা না হলে জেলাজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির জানান, যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমেই এন বি এস রাসেলকে সভাপতি ও জিয়াউর রহমান রাহানকে সাধারণ সম্পাদক করে এই কমিটি দেওয়া হয়েছে। কাউকে বঞ্চিত করার অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।
রিপোর্টারের নাম 























