সৌদি আরবের মক্কায় অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্ট জাদুঘরে প্রদর্শিত হচ্ছে তামা ও পিতলের পাতে খোদাই করা বিরল ও প্রাচীন একটি পবিত্র কোরআন শরীফ। আঠারো শতকের এই অনন্য শিল্পকর্মটি বর্তমানে পর্যটক ও গবেষকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ধাতব পাতের ওপর অত্যন্ত নিখুঁত ও শৈল্পিক কারুকার্যে কোরআনের আয়াতগুলো খোদাই করা হয়েছে, যা তৎকালীন ক্যালিগ্রাফারদের অসাধারণ মেধা ও ধৈর্যের পরিচয় দেয়।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র কোরআন সংরক্ষণের ঐতিহাসিক বিবর্তন সাধারণ মানুষের সামনে তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ইসলামের সূচনালগ্ন থেকে আজ পর্যন্ত কোরআনের বাণীকে অবিকৃত ও সুন্দরভাবে ধরে রাখার যে নিরন্তর প্রচেষ্টা মুসলিম উম্মাহ চালিয়ে আসছে, এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি তারই এক মূর্ত প্রতীক। এখানে প্রাচীন পাণ্ডুলিপি ও চামড়ার পাশাপাশি ধাতব পাতের ব্যবহার ইসলামী শিল্পকলার এক অনন্য দিক উন্মোচন করেছে।
বিশেষজ্ঞদের মতে, এই নিদর্শনটি প্রমাণ করে যে প্রাচীনকালে পবিত্র কোরআন সংরক্ষণে স্থায়িত্ব ও নান্দনিকতাকে কতটা গুরুত্ব দেওয়া হতো। কাগজ ছাড়াও সোনা, রুপা ও তামার মতো মূল্যবান ধাতুর ওপর কোরআন খোদাই করার এই ঐতিহ্য মুসলিম বিশ্বের সমৃদ্ধ সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। বর্তমানে প্রতিদিন শত শত স্থানীয় ও আন্তর্জাতিক দর্শনার্থী এই বিরল নিদর্শনটি দেখতে জাদুঘরে ভিড় করছেন।
রিপোর্টারের নাম 
























