২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপার সম্পৃক্ততার অভিযোগ তুলেছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তিনজনকে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আদেশ দিয়েছেন।
শুনানিতে প্রসিকিউটররা জানান, শাপলা চত্বরের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর পেছনে ওই সাংবাদিক দম্পতির ভূমিকা ছিল। তারা তাদের টেলিভিশনের মাধ্যমে উসকানিমূলক প্রচারণা চালিয়েছিলেন এবং ঘটনার প্রকৃত তথ্য গোপন করার চেষ্টা করেছিলেন। এছাড়া ঘটনার সময় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দীপু মনির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
ট্রাইব্যুনাল আগামী ১৪ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। শাপলা চত্বরের ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কারাগারে রয়েছেন। তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনার সাথে জড়িত ও তথ্য গোপনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে।
রিপোর্টারের নাম 





















