জনপ্রিয় ইসলামি ব্যক্তিত্ব ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সঞ্চালনায় দীর্ঘ সাত বছর ধরে পরিচালিত লাইভ প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ ৩০০তম পর্বের মাইলফলক স্পর্শ করেছে। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে ৩০১তম পর্বে দর্শকদের অংশগ্রহণে একটি বিশেষ সামনাসামনি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে শায়খ আহমাদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই বিশেষ আয়োজনে দর্শকদের সঙ্গে সরাসরি আলাপচারিতা, দীর্ঘ পথচলার অভিজ্ঞতা বিনিময় এবং সামনাসামনি জীবনঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে। সীমিত সামর্থ্যের কারণে আপাতত ৫০০ জন দর্শক এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন, যা আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচনের মাধ্যমে চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, ২০১৯ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। প্রতি সপ্তাহে গড়ে প্রায় চার লাখ মানুষ এই অনুষ্ঠানটি দেখেন। যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য পুরো আয়োজনটি লাইভ সম্প্রচার করা হবে বলে আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্রে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























