জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহনশীল স্বাস্থ্যসেবা প্রস্তুতিতে আগেভাগে বিনিয়োগ করলে লাখো প্রাণ বাঁচানো সম্ভব। শুধু তাই নয়, এই বিনিয়োগের ফলে প্রাথমিক ব্যয়ের তুলনায় বহুগুণ বেশি অর্থনৈতিক সুফল পাওয়া যেতে পারে। সম্প্রতি ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) প্রকাশিত এক বৈশ্বিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এই গবেষণায় সহায়তা করেছে দ্য রকেটফল ফাউন্ডেশন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলো জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবায় এক মার্কিন ডলার বিনিয়োগ করলে জলবায়ু পরিবর্তনজনিত মৃত্যু, রোগের চাপ ও অর্থনৈতিক ক্ষতি কমিয়ে চার থেকে ৬৮ মার্কিন ডলারের সুফল পেতে পারে। ৪০টি দেশে পরিচালিত ৪৬টি প্রকল্প বিশ্লেষণ করে এই গবেষণা প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে আগাম সতর্কতা ব্যবস্থা, রোগ নজরদারি, জলবায়ুভিত্তিক স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উদ্যোগের কার্যকারিতা মূল্যায়ন করা হয়েছে।
গবেষকরা সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহ, বন্যা ও রোগের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাসম্পন্ন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে ম্যালেরিয়া, ডেঙ্গু, কলেরা ও ডায়রিয়ার মতো সংক্রামক রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, জলবায়ু সহনশীল স্বাস্থ্যসেবার একটি সমন্বিত প্যাকেজ সরকার, হাসপাতাল, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীকে আরও সক্ষম করে তোলে।
ডব্লিউআরআই’র প্রেসিডেন্ট ও সিইও অ্যানি দাসগুপ্তা বলেন, “জলবায়ুজনিত দুর্যোগ ভয়াবহ হয়ে উঠছে। তবে, এগুলো মানব স্বাস্থ্যে যেটুকু প্রভাব ফেলবে তা এখনও আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।” তিনি আরও বলেন, “স্বাস্থ্যই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মানবিক দিক। এটি সবার ওপর প্রভাব ফেলে, বিশেষ করে শিশুদের ওপর এবং সবচেয়ে বেশি ক্ষতি করে দরিদ্র জনগোষ্ঠীর।”
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়, শক্তিশালী পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে জলবায়ুজনিত কারণে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রায় ১ কোটি ৬০ লাখ মৃত্যু হতে পারে। এছাড়া ২০ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। ক্রমবর্ধমান ঝুঁকি সত্ত্বেও বিশ্বজুড়ে অর্ধেকেরও কম স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে তাদের জাতীয় রোগ নজরদারি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ ব্যবস্থায় জলবায়ু বিষয়ক তথ্য অন্তর্ভুক্ত করছে, যা উদ্বেগের কারণ।
রিপোর্টারের নাম 





















