গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য রক্ষায় সংসদে বিরোধী দলকে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, একটি কার্যকর সংসদীয় ব্যবস্থায় ভিন্নমতের গুরুত্ব অপরিসীম। একদলীয় শাসনব্যবস্থার সঙ্গে বহুদলীয় গণতন্ত্রের মূল পার্থক্যই হলো মুক্তভাবে কথা বলার এবং বিতর্কের সুযোগ থাকা।
রোববার দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মঈন খান উল্লেখ করেন, সংসদে যুক্তি-তর্কের মাধ্যমে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উঠে আসা উচিত। সংসদীয় ভাষায় গঠনমূলক আলোচনার মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে নবাগত ১৩০ জন শিক্ষার্থীকে ফুল ও অ্যাপ্রন পরিয়ে বরণ করে নেওয়া হয়। ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের উদ্বোধনে এবং কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ড. মঈন খান কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন।
রিপোর্টারের নাম 























