সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আসলাম চৌধুরী বলেছেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং এটি শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনযাপন, নেতৃত্বদানের ক্ষমতা এবং সহনশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক পর্যায় থেকেই এসব গুণের চর্চা একটি দক্ষ ও যোগ্য ভবিষ্যৎ প্রজন্ম গঠনে সহায়ক হবে।
প্রবল বর্ষণ উপেক্ষা করেও ক্ষুদে ফুটবলারদের চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। তিনি আরও বলেন, জয়-পরাজয় খেলার স্বাভাবিক নিয়ম। পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করাই খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয়। টুর্নামেন্টের ফাইনাল শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন তিনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টটি গত ৬ এপ্রিল শুরু হয়েছিল।
রিপোর্টারের নাম 

























