মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বিশ্বের অন্যতম জনবহুল এই শহরটি প্রতি বছর গড়ে প্রায় ১০ ইঞ্চি করে দেবে যাচ্ছে। প্রাচীন একটি হ্রদের ওপর গড়ে ওঠা এই মহানগরীটি এখন অস্তিত্ব রক্ষার সংকটে দাঁড়িয়েছে।
প্রায় ৭ হাজার ৮০০ বর্গকিলোমিটার আয়তনের এই মেগাসিটিতে প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের বসবাস। ঐতিহাসিকভাবে মেক্সিকো সিটি একটি হ্রদের ওপর নির্মিত হয়েছিল, যার ফলে শহরের অনেক ব্যস্ত রাস্তা একসময় ছিল নৌ চলাচলের খাল। কিন্তু ক্রমবর্ধমান নগরায়ণ এবং মাত্রাতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে মাটির নিচের পানির স্তর আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এর ফলে গত এক শতাব্দী ধরে শহরটি ধীরে ধীরে মাটির নিচে দেবে যাচ্ছে।
নাসার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শহরের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা যেমন—প্রধান বিমানবন্দর এবং ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের আশপাশের এলাকা মাসে প্রায় ০.৭৮ ইঞ্চি হারে দেবে যাচ্ছে। এর প্রভাবে ১৫৭৩ সালে নির্মিত ঐতিহাসিক মেট্রোপলিটন ক্যাথেড্রালের মতো প্রাচীন ভবনগুলো একদিকে হেলে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, গত ১০০ বছরে শহরের কিছু অংশ ৩৯ ফুটের বেশি নিচে নেমে গেছে। দীর্ঘদিনের এই অবহেলা এখন তীব্র পানি সংকট ও কাঠামোগত বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টারের নাম 






















