তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে সরিয়ে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে নীলফামারীর সংগলশী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার দিনব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে উত্তর দীঘলডাঙ্গী বারুনীর ডাঙ্গা মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার এবং সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা যুবসমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
সঙ্গলশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বর্তমান প্রজন্মকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করেন। টুর্নামেন্টটি স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 
























