বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্ত বাণিজ্য দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। মিয়ানমার থেকে পণ্যবাহী বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছানো শুরু করেছে, যা এই অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে নতুন প্রাণের সঞ্চার করেছে।
শুক্রবার সকালে মিয়ানমারের মংডু এলাকার আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চল থেকে গাছ ভর্তি একটি বোট টেকনাফ স্থলবন্দরের জেটিতে ভিড়েছে। স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের টেকনাফ শাখার মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পণ্য বোঝাই বোটটি মিয়ানমারের মংডুর হায়েনখালী খাল এলাকা থেকে যাত্রা শুরু করে টেকনাফ স্থল বন্দরে পৌঁছেছে।
টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী মেসার্স এফআরবি ইন্টারন্যশনাল লিমিটেড এর স্বত্বাধিকারী ওমর ফারুক সিআইপি বলেন, একটি পণ্য বোঝাই কার্গোবোট টেকনাফ স্থল বন্দরে নোঙর করেছে। এছাড়া আদা, শুটকি, সুপারি সহ পণ্যবাহী আরও ৫-৬টি বোট আসার পথে রয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের এপ্রিল মাসে বন্দরে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে মিয়ানমারের জান্তা সরকার সীমান্ত বাণিজ্য কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানিয়েছেন, টেকনাফ স্থলবন্দর চালু হয়েছে এবং সামনে শাহপরীরদ্বীপের গবাদিপশুর করিডোরও চালু হবে।
রিপোর্টারের নাম 

























