পরিবেশের ছাড়পত্র ও বৈধ অনুমোদন না থাকায় কুমিল্লার দেবিদ্বারে দুটি ইটভাটা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চন্দনগর এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে ‘এমবিএস ব্রিকস’ ও ‘ফাইভ স্টার ব্রিকস’ নামের প্রতিষ্ঠান দুটি গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, দীর্ঘ দিন ধরে আইন অমান্য করে ভাটাগুলো পরিচালনা করা হচ্ছিল। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯’ লঙ্ঘনের দায়ে প্রতিটি ইটভাটায় ৭৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয় এবং প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন।
রিপোর্টারের নাম 
























