ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এবং মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-এর মালিকানা প্রতিষ্ঠান অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের এক মন্তব্যে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। তিনি প্রতিষ্ঠানটির সাংবাদিকদের প্রতি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, তাদের অবশ্যই ইসরাইলকে সমর্থন করতে হবে, অন্যথায় পদত্যাগ করতে হবে। মিডল ইস্ট আইয়ের বরাত দিয়ে এ খবর জানা গেছে।
পলিটিকোর অভ্যন্তরে এই নিয়ে উত্তেজনা প্রকাশ্য রূপ নেয় চলতি সপ্তাহে। জানা যায়, সোমবার একটি অভ্যন্তরীণ বৈঠকে ডপফনার সাংবাদিকদের বলেন, ইসরাইলকে সমর্থন করা প্রতিষ্ঠানটির একটি মৌলিক নীতি। এর আগে পলিটিকোর সাংবাদিকরা নতুন প্রধান সম্পাদক জনাথন গ্রিনবার্গারের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিযোগ করেন যে, ডপফনার সংবাদমাধ্যমটিকে তার নিজস্ব ‘রাজনৈতিক এজেন্ডা প্রচারের জন্য’ ব্যবহার করছেন। সাংবাদিকরা সতর্ক করে দেন যে, ডপফনারের সাম্প্রতিক মতামতমূলক লেখাগুলো পত্রিকার নিরপেক্ষতার সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে। দ্য জিউইশ ইনসাইডার সূত্রে জানা যায়, কর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, তার এই ধরনের লেখা সংবাদমাধ্যমটির নিরপেক্ষতার খ্যাতি নষ্ট করছে।
এদিকে, অ্যাক্সেল স্প্রিঙ্গার সম্প্রতি ডেইলি টেলিগ্রাফ অধিগ্রহণের অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির সম্প্রসারণ নিয়ে নতুন করে নজরদারি শুরু হয়েছে। সাংবাদিকদের মধ্যে এই উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, শীর্ষ পর্যায় থেকে নির্ধারিত আদর্শিক অবস্থান বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকীয় নীতিতে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইসরাইল-সম্পর্কিত সংবাদ কাভারেজের ক্ষেত্রে। উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত অন্তত ৭২,৫৯৯ জন নিহত এবং ১,৭২,৪১১ জনেরও বেশি আহত হয়েছেন, যার জেরে ইসরাইল আন্তর্জাতিক বিচার আদালতে একটি মামলার সম্মুখীন হয়েছে।
রিপোর্টারের নাম 























