দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত ইনসাফ-বারাকাহ হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার পিত্তথলির পাথর অপসারণের জন্য একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই অস্ত্রোপচার করা হয়।
প্রখ্যাত সার্জন প্রফেসর ডা. মতিয়ার রহমান এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। এ্যানেসথেসিয়া প্রদান করেন প্রফেসর ডা. ইদ্রিস ও ডা. রফিকুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন। অস্ত্রোপচারের সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ও ড. মাহমুদুর রহমানের সহধর্মিণী ফিরোজা মাহমুদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহ সহ পরিবারের সদস্য ও সহকর্মীরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় অস্ত্রোপচারের পর ড. মাহমুদুর রহমানের জ্ঞান ফিরে আসে এবং দুপুর থেকে তিনি স্বাভাবিক অবস্থায় রয়েছেন। চিকিৎসকদের তথ্যানুযায়ী, তিনি বৃহস্পতিবার রাতে হাসপাতালেই থাকবেন এবং সবকিছু ঠিক থাকলে শুক্রবার তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তার পরিবার ও সহকর্মীরা তার দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, ড. মাহমুদুর রহমানের আশু রোগমুক্তির কামনায় বৃহস্পতিবার বাদ আসর আমার দেশ কার্যালয়ে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে পত্রিকার সহকর্মীরা অংশ নেন এবং শায়খ মাওলানা আলী হাসান তায়েব দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক এম আবদুল্লাহ, সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 



















