চট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাউশ) মা মাছ নমুনা ডিম ছেড়েছে। তবে পূর্ণাঙ্গ ডিম ছাড়ার অপেক্ষায় নদীর পাড়ে অপেক্ষা করছেন শত শত ডিম সংগ্রহকারী।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আজিমের ঘাট থেকে অঙ্কুরীঘোনা ও সত্তারঘাট এলাকায় নমুনা ডিম দেখা গেছে। তিনি বলেন, আবহাওয়া অনুকূলে রয়েছে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত বৃষ্টি এবং পাহাড়ি ঢল এসেছে। পানির গুণগত মানও ভালো, যা ডিম ছাড়ার জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে। আশা করা হচ্ছে, আজ সন্ধ্যা বা রাতের মধ্যে মা মাছ পূর্ণাঙ্গভাবে ডিম ছাড়তে পারে।
ডিম সংগ্রহকারী কামাল সওদাগর জানান, এ বছর যথাসময়েই হালদা নদীতে মা মাছ নমুনা ডিম দিয়েছে। এ পর্যন্ত প্রায় ১০০ থেকে ২০০ গ্রাম নমুনা ডিম পাওয়া গেছে। তিনি আশা প্রকাশ করেন যে, বিকেলের মধ্যে মা মাছ পুরোদমে ডিম ছাড়বে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতি বছর চৈত্র থেকে আষাঢ় মাসের মধ্যে পূর্ণিমা-অমাবস্যার তিথিতে বজ্রসহ বৃষ্টি হলে এবং নদীতে পাহাড়ি ঢল নামলে মা-মাছ ডিম ছাড়ে।
রিপোর্টারের নাম 

























