শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উচ্চশিক্ষার মানোন্নয়নে চলমান হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনে আয়োজিত এই প্রকল্পের মিড-টার্ম রিভিউ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রতিটি উপাদানের সাথে মানোন্নয়ন জড়িত। তাই প্রকল্পের অর্থায়নের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার উপর তিনি জোর দেন। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ আর মাত্র দুই বছর বাকি থাকলেও এর অগ্রগতি মাত্র ৫ শতাংশ, যা অত্যন্ত উদ্বেগজনক। তাই এখনই প্রকল্পের গতি বাড়াতে হবে এবং ২০২৮ সালের মধ্যেই এর বাস্তবায়ন শেষ করতে হবে। মন্ত্রণালয় এই লক্ষ্যে সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।
প্রকল্প সংশোধনের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে প্রকল্পের কিছু বিষয় আর প্রাসঙ্গিক নাও থাকতে পারে। তাই উচ্চশিক্ষায় সরকারের অগ্রাধিকারগুলো যুক্ত করে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) সংশোধন করার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। হিট প্রকল্পের বরাদ্দকৃত অর্থকেও যৌক্তিকভাবে ব্যবহার করতে হবে।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বলেন, দেরিতে শুরু হলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ব্যাপারে তারা আশাবাদী। তবে শুধু অর্থ ব্যয় নয়, প্রকল্পের মূল লক্ষ্য অর্জন নিশ্চিত করাকেই তিনি প্রাধান্য দেন। তিনি সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান। কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সরদার মো. কেরামত আলী এবং বিশ্বব্যাংকের সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট ও টাস্ক টিম লিডার টি এম আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























