সিরাজগঞ্জ আদালত বিপুল পরিমাণ ফেনসিডিল রাখার দায়ে আব্দুল মজিদ মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ মোল্লা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পং করটিয়া গ্রামের বশির মোল্লার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০১২ সালের ২৫ আগস্ট রাতে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ একটি চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি চালাচ্ছিল। এ সময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলগামী একটি প্রাইভেটকার থেকে দুইশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পুলিশ প্রাইভেটকার চালক হযরত আলী ও মাদক ব্যবসায়ী আব্দুল মজিদ মোল্লাকে আটক করে। এই ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ স্বাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত আব্দুল মজিদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। তবে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় চালক হযরত আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 























