জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে দেশে কোরআনের আইন প্রতিষ্ঠার জোরালো দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার সংসদ অধিবেশনে তিনি বলেন, মানুষের তৈরি আইনের পরিবর্তে আল্লাহর আইন তথা কোরআনের বিধান জারি করাই হওয়া উচিত রাষ্ট্রের মূল লক্ষ্য। তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন কেউ ধর্মীয় আইনের বিরোধিতা না করেন।
সংসদ সদস্য মুজিবুর রহমান তার বক্তব্যে একটি ‘ইসলামী বোর্ড’ গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, সংসদে থাকা মাদ্রাসা শিক্ষিত প্রতিনিধি এবং দেশের প্রখ্যাত আলেম-ওলামাদের সমন্বয়ে এই বোর্ড গঠন করা যেতে পারে। এই বোর্ড দেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করবে। তিনি আক্ষেপ করে বলেন, দেশের ৯০ শতাংশ মানুষ ধর্মপ্রাণ হওয়া সত্ত্বেও আইনের উৎস হিসেবে কোরআনকে পুরোপুরি গ্রহণ করা হয়নি।
বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, রাষ্ট্রক্ষমতায় যারা আসীন হন, তাদের প্রধান দায়িত্ব হলো সালাত কায়েম করা এবং জাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা। মানুষের নৈতিক চরিত্র গঠনে ধর্মীয় বিধানের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশের প্রচলিত বিচার ও শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তনের দাবি জানান।
রিপোর্টারের নাম 

























