মহান মুক্তিযুদ্ধে শহীদ ও গণহত্যার শিকার ব্যক্তিদের একটি নির্ভুল ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আযম খান এই তথ্য জানান। তিনি বলেন, স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা না থাকা দুঃখজনক। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহীদদের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব হবে।
মন্ত্রী জানান, বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটভুক্ত শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা ৬ হাজার ৪৮০ জন। এর মধ্যে বেসামরিক ৩ হাজার ৬৯৮ জন, সশস্ত্র বাহিনীর ১ হাজার ৫৪১ জন, বিজিবি’র ৮১৭ জন, পুলিশের ৪২৩ জন এবং আনসার বাহিনীর একজন রয়েছেন। এছাড়া ২০১০ সাল থেকে এ পর্যন্ত যাচাই-বাছাইয়ের মাধ্যমে ৬ হাজার ৪৭৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট বাতিল করা হয়েছে, যার মধ্যে গত আগস্টের পর থেকেই বাতিল হয়েছে ৪৮১ জনের সনদ।
একই অধিবেশনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, সার বিতরণে অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ২ হাজার ৩১১ জন ডিলারের একটি তালিকা সরকার তৈরি করেছে। কৃষকদের মাঝে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে সারা দেশে বর্তমানে ১১ হাজার ৫ জন ডিলার কাজ করছেন। অভিযুক্ত ডিলারদের তথ্য যাচাই-বাছাই শেষে তাদের ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্ত্রী হুঁশিয়ারি দেন।
রিপোর্টারের নাম 
























