বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের হাইকমিশনার জলিল রহিমি জাহানাবাদি। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আন্তর্জাতিক নানা ইস্যুতে আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে ইরানের ওপর চলমান আন্তর্জাতিক চাপ, বৈশ্বিক জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। মাওলানা মামুনুল হক সাম্প্রতিক সময়ে ইরানের ওপর বিভিন্ন আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পণ্যবাহী ও তেলবাহী জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের ইতিবাচক সহযোগিতার অনুরোধ জানান।
ইরানি হাইকমিশনার বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন এবং জাহাজ চলাচলের বিষয়ে তার সরকারের ইতিবাচক বার্তার আশ্বাস দেন। বৈঠকে ইরান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন আমিরি এবং খেলাফত মজলিসের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 

























