দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় মুহাম্মদ শাহাদাত (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে উপজেলার সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহাদাত উপজেলার উত্তর ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শফিকুর রহমানের ছেলে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যে মাঠে নেমেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে সাতকানিয়া মডেল মসজিদের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় দুই থেকে চারটি মোটরসাইকেল এবং একটি সিএনজি অটোরিকশাযোগে আসা ১০ থেকে ১৫ জন মুখোশধারী সন্ত্রাসী দেশি অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা এগিয়ে এসে সন্ত্রাসীদের আটকের চেষ্টা করলে তারা অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গুরুতর আহত অবস্থায় শাহাদাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে সোমবার ভোরে তিনি মারা যান।
নিহতের বড় ভাই মোবারক হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই চায়ের দোকানে বসা ছিল। হঠাৎ একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
ওসি মঞ্জুরুল হক বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, কয়েকজন মুখোশধারী যুবক শাহাদাতকে পিটিয়ে গুরুতর আহত করে। এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রিপোর্টারের নাম 























