মানহানির একটি মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালতে মুফতি আমির হামজার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আশিকুজ্জামান নজরুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, হাইকোর্ট মুফতি আমির হামজাকে আট সপ্তাহ অথবা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন। তিনি উপযুক্ত সময়ে সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করবেন।
উল্লেখ্য, গত ২১ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ তনুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই নির্দেশ দেন। এর আগে আমির হামজাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হলেও তিনি নির্ধারিত তারিখে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছিল।
গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। তার অভিযোগে বলা হয়, আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদকে ‘নাস্তিক’ বলে অত্যন্ত গর্হিত মন্তব্য করেছেন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। এই ঘটনায় ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। গত ২৬ মার্চ ইকবাল হাসান মাহমুদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের সূত্র ধরে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আমির হামজা তাকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন।
রিপোর্টারের নাম 
























