বর্তমান সরকার দেশকে পরিকল্পিতভাবে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি অভিযোগ করেন, সরকারি দলের নেতাকর্মীরা বিরোধী দল সম্পর্কে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিচ্ছেন, যা তাদের জন্যই বুমেরাং হবে।
রোববার রাজধানীর বারিধারায় মহানগরী মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের গুলশান পূর্ব থানা আয়োজিত ইউনিট প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, নতুন সরকার জনজীবনে মৌলিক সমস্যা সমাধানে চরমভাবে ব্যর্থ হয়েছে। তিনি তেল সংকটের উদাহরণ দিয়ে বলেন, সরকার পর্যাপ্ত তেল আছে বলে জনগণকে ধোঁকা দিচ্ছে, অথচ মানুষ দীর্ঘ লাইন ধরেও তেল পাচ্ছে না।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদের পক্ষে ৭০ ভাগ মানুষ রায় প্রদান করলেও সরকার তা অমান্য করে গণবিরোধিতায় লিপ্ত হয়েছে। তিনি এটিকে ক্ষমতার চেয়ারে বসে মানুষের মতামতকে উপেক্ষা করা এবং চরম ফ্যাসিবাদী ও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেন। এ সময় তিনি ঢাকা মহানগরীকে ইসলামী আন্দোলনের দুর্ভেদ্য দুর্গে পরিণত করে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা পালনের জন্য ইউনিট দায়িত্বশীলসহ সকল স্তরের জনশক্তিকে আহ্বান জানান।
থানা আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তরের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইয়াছিন আরাফাত। স্থানীয় নেতারাও এতে উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























