যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি গবেষণারত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টির আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার এক শোকবার্তায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। স্নাতক শেষ করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। উপাচার্য তার শোকবার্তায় বৃষ্টির মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেন এবং এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন নামে অপর এক বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ ছিলেন। পরবর্তীতে তাদের মৃত্যুর সংবাদ নিশ্চিত হওয়া যায়। বৃষ্টির পৈতৃক নিবাস ফরিদপুর জেলায়। তার অকাল প্রয়াণে সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিপোর্টারের নাম 

























