চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানের মুক্তি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হয়ে মিঠু আলী (৫০) নামে এক বিএনপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের প্রধান ফটকের সামনে, যা এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
নিহত মিঠু আলী গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার বাসিন্দা এবং মাহাতাব উদ্দিনের ছেলে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হান বুধবার জামিনে মুক্তি পান। তার মুক্তির খবর ছড়িয়ে পড়লে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হতে থাকেন।
কারাগার থেকে বের হওয়ার পর ফুলের মালা দিয়ে রায়হানকে বরণ করে নেন নেতাকর্মীরা। এ সময় স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালিও বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড় ও ধাক্কাধাক্কির মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিঠু আলী। প্রচণ্ড গরম এবং মানুষের চাপে তিনি শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাসেল টুডু জানান, সন্ধ্যার দিকে মিঠু আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. একরামুল হোসাইন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করা হয়।
রিপোর্টারের নাম 























