দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় সম্পদ পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী সম্প্রতি এমনটাই জানিয়েছেন।
রাঙামাটির সীমান্তবর্তী দুমদুমিয়াছড়া এলাকায় পরিচালিত এক অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া দুটি মিনি পাওয়ার টিলার জব্দের পর তিনি এই তথ্য জানান। বুধবার বিওপির কমান্ডার নায়েব সুবেদার আমিরুল কাউসার জানান, অভিযানে বিজিবি সদস্যরা দুমদুমিয়াছড়া বিওপির চেকপোস্ট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় আনুষঙ্গিক সরঞ্জামাদিসহ দুটি মিনি পাওয়ার টিলার জব্দ করে।
জব্দকৃত পাওয়ার টিলারগুলোর আনুমানিক সিজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। জব্দকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
কর্নেল কাওসার আরও বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 
























