জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, অধিকার আদায়ে জনগণ রাস্তায় নামলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই তিনি জুলাই সনদ বাস্তবায়নে জনগণের রায়কে সম্মান জানিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, শুধুমাত্র সংবিধানের দোহাই দিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাওয়া যাবে না।
শুক্রবার বিকেলে রংপুরের বদরগঞ্জ হাইস্কুল অডিটোরিয়ামে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ভোট দিয়ে জুলাই সনদে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু সরকার ক্ষমতায় আসার পর সবকিছু ভুলে গেছে এবং যা তাদের বিপক্ষে যাচ্ছে, তাই সংবিধানের দোহাই দিয়ে বাদ দিয়ে দিচ্ছে।
জামায়াত নেতা আরও বলেন, আমরা চাই জনগণ যেভাবে গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে, সেভাবেই এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হোক। তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিংয়ের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে এবং বিদ্যুৎ বিভ্রাট কোথাও কোথাও ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষকরা কীভাবে ফসল উৎপাদন করবে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। দেশে চাঁদাবাজির মহামারি চলছে বলেও তিনি অভিযোগ করেন, তবে এ বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই বলে তিনি মন্তব্য করেন।
রিপোর্টারের নাম 
























