ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এর আগে আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে। হিজবুল্লাহও টেলিগ্রামে নিজেদের পক্ষ থেকে ইসরাইলে রকেট হামলা চালানোর কথা স্বীকার করেছে।
আইডিএফ তাদের এক বিবৃতিতে দাবি করেছে, তারা তিনজন ব্যক্তিকে হত্যা করেছে এবং এরা সকলেই ‘হিজবুল্লাহ যোদ্ধা’ ছিল। আইডিএফ-এর ভাষ্যমতে, ওই ব্যক্তিরা ইসরাইলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়তে গিয়ে ব্যর্থ হয়েছিল। আইডিএফ আরো জানিয়েছে, এর আগেও দুইবার দক্ষিণ লেবাননে আইডিএফ সেনাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তাদের মতে, হিজবুল্লাহ’র এসব পদক্ষেপ যুদ্ধবিরতির শর্তের ‘স্পষ্ট লঙ্ঘন’।
অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় হিজবুল্লাহ জানায়, ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায় তারাও উত্তর ইসরাইলে রকেট হামলা চালিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে দেশটির দক্ষিণাঞ্চলের টাইর এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা তিন সপ্তাহ বাড়ানো হয়েছে এবং ‘যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে যাতে তারা নিজেদের হিজবুল্লাহ থেকে রক্ষা করতে পারে’।
রিপোর্টারের নাম 
























