ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ হজ পালনের মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। হজের প্রতিটি ধাপ ইবাদত ও ঐকান্তিক প্রার্থনার জন্য নির্ধারিত। তবে সাম্প্রতিক সময়ে হজের পবিত্র আবহে মোবাইল ফোনে সেলফি তোলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচার করার প্রবণতা বাড়ছে, যা হজের মূল আধ্যাত্মিক চেতনাকে ক্ষুণ্ন করছে বলে মনে করছেন ইসলামি চিন্তাবিদগণ।
আগামী মে মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া হজের জন্য ইতিমধ্যে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছাতে শুরু করেছেন। ইহরাম বাঁধা থেকে শুরু করে কাবা তাওয়াফ, সাফা-মারওয়া সায়ি কিংবা আরাফাতের ময়দানের মতো পবিত্র স্থানগুলোতেও অনেককে সেলফি তুলতে ব্যস্ত থাকতে দেখা যায়। ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, ইবাদতের মধ্যে লৌকিকতা বা লোকদেখানো মানসিকতা ইবাদতের সওয়াব ও একাগ্রতা নষ্ট করে দেয়।
হজ কোনো সাধারণ ভ্রমণ নয়, বরং এটি একটি কঠোর সাধনা ও আত্মশুদ্ধির প্রক্রিয়া। তাই সেলফি বা অপ্রয়োজনীয় ছবি তোলার পরিবর্তে হাজিদের উচিত জিকির, তাসবিহ এবং রোনাজারির মাধ্যমে সময় অতিবাহিত করা। ইবাদতের একাগ্রতা নষ্ট করে এমন যেকোনো কাজ থেকে বিরত থেকে হজের প্রকৃত ফজিলত অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























