ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচনি সহিংসতা ও প্রার্থীরা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বিশেষ করে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীরা।
উত্তর দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার তৃণমূল কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুভেন্দুর দাবি, ওই এলাকার বেশ কয়েকটি ভোটকেন্দ্র থেকে বিজেপির নির্বাচনি এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে তিনি একটি বুথে গেলে তাকে ধাওয়া ও হেনস্তা করা হয়। এই ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অন্যদিকে, আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের ওপরও হামলার খবর পাওয়া গেছে। বার্নপুর অঞ্চলের রহমতনগরে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অগ্নিমিত্রা পাল স্থানীয় হীরাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্বাচনি সহিংসতা ও প্রার্থীদের ওপর হামলার এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ নিয়ে রাজ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রিপোর্টারের নাম 
























