সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট সুবিধা গ্রহণ না করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে সরকার ও বিরোধী দল। মঙ্গলবার সংসদ অধিবেশন শেষে চিফ হুইপ নূরুল ইসলাম এই সিদ্ধান্তের কথা জানান। এর আগে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ নির্বাচনি এলাকায় যাতায়াতের সুবিধার্থে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির দাবি জানালে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে জানান, বিদ্যমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের জন্য কোনো ধরনের বিলাসিতা বা অতিরিক্ত সুবিধা না নেওয়ার অনুশাসন দিয়েছেন। এমনকি বিদ্যমান আইন সংশোধন করে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে সরকারের।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বিষয়টি বিবেচনার অনুরোধ জানালেও, শেষ পর্যন্ত সরকারি ও বিরোধী দলের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাড়তি সুবিধা না নেওয়ার বিষয়টিই চূড়ান্ত করা হয়।
রিপোর্টারের নাম 

























